সিলেটের গোয়াইনঘাট উপজেলার মিঠাপানির জলাবন রাতারগুলকে বাস্তুসংকটাপন্ন বা প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণার দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা। তাঁরা বলছেন, ৫০৪ একরের রাতারগুল বন রক্ষায় দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন। রাতারগুল-লাগোয়া চেঙ্গেরখাল নদ থেকে প্রতি রাতেই অনিয়ন্ত্রিত ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। এতে বনে ভাঙন দেখা দিচ্ছে।
পরিবেশবাদীরা আরও বলেন, ভাঙনের ফলে বনভূমির পরিমাণ কমছে। এভাবে বালু উত্তোলন চললে এই বন আরও বিপন্ন হবে। অথচ রাতারগুলের একটি বৈচিত্র্যময় বাস্তুতন্ত্র আছে।
ধরার কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আবদুল করিম চৌধুরী (কিম) বলেন, একটি চক্র প্রায় রাতেই রাতারগুল জলাবনের পাশে নদ থেকে মেশিন লাগিয়ে অবৈধ উপায়ে বালু উত্তোলন করে। এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনকে একাধিকবার বলা হলেও প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। ফলে অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিতভাবে বালু উত্তোলন চলছেই। এর প্রভাবে বনের নদপাড়ে ভাঙন শুরু হয়েছে।































































































































































































































