শিল্প কর্মপরিবেশের নিরাপত্তা নিশ্চিতে বিলসের আলোকচিত্র প্রদর্শনী

শিল্প কর্মপরিবেশের নিরাপত্তা নিশ্চিতে বিলসের আলোকচিত্র প্রদর্শনী

দেশের শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং শ্রমজীবী মানুষের জীবনসংগ্রাম ও বাস্তব অভিজ্ঞতাকে দৃশ্যমান করা এবং শিল্প দুর্ঘটনা থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে ভবিষ্যৎ ঝুঁকি হ্রাসের লক্ষ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) আলোকচিত্র প্রদর্শনী শুরু করেছে। আজ শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে 'তবু অটল: বাংলাদেশের শিল্প বিপর্যয়, শ্রমজীবী মানুষের জীবন ও স্মৃতির মূল্য' শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বিলসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রদর্শনীতে রানা প্লাজা ট্র্যাজেডিসহ গত দুই দশকে সংঘটিত বিভিন্ন শিল্প দুর্ঘটনার চিত্র, শ্রমিকদের জীবনের ঝুঁকি, ক্ষতি, বেদনা এবং পুনরুদ্ধারের সংগ্রাম আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৫ নম্বর গ্যালারিতে এই প্রদর্শনী চলবে ২৭ এপ্রিল পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন। এ ছাড়া বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, জাতীয় শ্রমিক জোটের সভাপতি মেসবাহউদ্দিন আহমেদসহ আরও অনেকে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তৈরি পোশাক খাতসহ দেশের বিভিন্ন শিল্প খাতে কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিতে গত এক দশকে কিছু ইতিবাচক অগ্রগতি হলেও এখনো কাঠামোগত দুর্বলতা, অপর্যাপ্ত মনিটরিং ও পরিদর্শন, আইনের দুর্বল বাস্তবায়ন এবং পরিবেশগত ঝুঁকির মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।