সীতাকুণ্ডের কেওয়াই স্টিল মিলের বিরুদ্ধে তদন্তে প্রশাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। মে দিবসে শ্রমিকদের ছুটি না দেওয়ার অভিযোগ উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৩: ০৫আপডেট : ০৫ মে ২০২৬, ০৩: ০৭ আমার দেশ অনলাইন সংস্করণে প্রকাশিত সংবাদের পর মে দিবসে শ্রমিকদের ছুটি না দিয়ে কাজ করানোর অভিযোগে সীতাকুণ্ডে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে লিখিতভাবে অবহিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম।
গত রোববার শ্রম অধিদপ্তর, চট্টগ্রামের পরিচালক এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, চট্টগ্রামের উপপরিদর্শকের কাছে পৃথকভাবে চিঠি প্রেরণ করেন তিনি। চিঠিতে অভিযোগটির সত্যতা যাচাই করে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে সীতাকুণ্ডের কেওয়াই স্টিল মিল খোলা রেখে শ্রমিকদের দিয়ে কাজ করানোর অভিযোগ ওঠে। বিষয়টি আমার দেশ অনলাইন সংস্করণে “মে দিবসেও ছুটি মিলেনি স্টিল মিল শ্রমিকদের” শিরোনামে প্রকাশিত হলে প্রশাসনের নজরে আসে এবং তাৎক্ষণিকভাবে উদ্যোগ নেওয়া হয়।































































































































































































































