কক্সবাজারের চকরিয়ায় তামাক চাষের কারণে স্কুলের আশেপাশে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ছে। এই ধোঁয়ায় শিশুরা কীভাবে ঝুঁকিপূর্ণ তা আমাদের কথায় আসছে। চকরিয়া উপজেলার অন্তত ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশপাশে অবাধে চলছে তামাক চাষ ও প্রক্রিয়াজাতকরণের কাজ। অনেক বিদ্যালয়ের দেয়াল ঘেঁষেই তামাকখেত। উপজেলা শিক্ষা কর্মকর্তার হিসাবমতেই, কেবল এসব বিদ্যালয় ঘিরে অন্তত ১১০টি তামাকচুল্লি গড়ে উঠেছে।
এসব চুল্লি থেকে নির্গত উৎকট গন্ধ ও বিষাক্ত ধোঁয়া বাতাসে মিশে সরাসরি শ্রেণিকক্ষে প্রবেশ করছে। পড়াশোনা করতে এসে কোমলমতি শিশুরা প্রতিদিনই শ্বাস নিচ্ছে অদৃশ্য এই বিষাক্ত বাতাসে।
স্বাস্থ্যবিশেষজ্ঞদের মতে, এই দূষিত পরিবেশ শিশুদের জন্য নীরব ঘাতকের মতো। তামাকের সরাসরি সংস্পর্ষে শিশুরা ‘গ্রিন টোব্যাকো সিকনেস’-এ আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকছে।































































































































































































































