সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা ও শিক্ষার্থীর মৃত্যু

সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা ও শিক্ষার্থীর মৃত্যু

নওগাঁর বদলগাছী উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। ওই ঘটনায় আহত হন আরও এক স্কুলশিক্ষিকা। স্কুলে থাকা অবস্থায় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে স্ট্রোক করে মারা যায় এক শিক্ষার্থী। নিহত স্কুলশিক্ষিকার নাম উম্মে কুলসুম (৪৮)। তিনি বদলগাছী লাবণ্যপ্রভা কমিউনিটি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। মারা যাওয়া শিক্ষার্থীর নাম তাসনিম আরা (১৩)। সে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও উপজেলার জগন্নাথপুর গ্রামের আবুল কালাম চৌধুরীর মেয়ে। আহত মমতাজ খাতুন (৫০) একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তিনি বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষিকা উম্মে কুলসুম ও মমতাজ খাতুন বোর্ড পরীক্ষার খাতা নেওয়ার জন্য রাজশাহী শিক্ষা বোর্ডে যাওয়ার উদ্দেশে বের হন। বেলা একটার দিকে তাঁরা বদলগাছী থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে মহাদেবপুর উপজেলা সদরে যাচ্ছিলেন। পথে বদলগাছী-মাতাজি সড়কের চাকরাইল মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা ধান মাড়াই মেশিনের ভ্রাম্যমাণ গাড়ির সঙ্গে তাঁদের অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার দুই শিক্ষিকা গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক উম্মে কুলসুমকে মৃত ঘোষণা করেন।

এদিকে শিক্ষিকার মৃত্যুর খবর শুনে বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসনিম আরা অসুস্থ হয়ে পড়েন। তৎক্ষণাৎ শিক্ষক ও সহপাঠীরা তাকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।