নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনাঘাট এলাকার একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ মো. আমির (২৫) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় দুজনের মৃত্যু হলো।
বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক শাওন বিন রহমান প্রথম আলোকে বলেন, আমিরের শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তিনি মারা যান। বর্তমানে আরও চারজন হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত মো. আমির শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মাছুয়াখালী এলাকার বাসিন্দা আজহার ব্যাপারীর ছেলে। তিনি ওই বিদ্যুৎকেন্দ্রে কোন পদে কর্মরত ছিলেন তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।































































































































































































































