সোনারগাঁয়ের শ্রমিকদের বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

সোনারগাঁয়ের শ্রমিকদের বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় চলতি মাসের বেতন ও ওভারটাইমের পাওনা পরিশোধের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ মঙ্গলবার বেলা একটার দিকে উপজেলার টিপরদী এলাকায় অবস্থিত চৈতী নিট কম্পোজিট কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা কারখানা থেকে বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এ ঘটনায় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট তৈরি হয়। ভোগান্তিতে পড়েন ঈদে বাড়িমুখী মানুষ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চলতি মে মাসের বেতন ও ওভারটাইমের পাওনা পরিশোধের দাবিতে প্রথমে শ্রমিকেরা কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে তাঁরা মহাসড়কে নেমে আসেন। বেলা সোয়া একটা থেকে টিপরদী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। উভয় পাশে দীর্ঘ যানজটে আটকা পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। বেলা সাড়ে তিনটায় শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়ক অবরোধ ছিল।

শ্রমিকদের দাবি, কর্তৃপক্ষ তাঁদের প্রাপ্য অনুযায়ী বেতন দিচ্ছে না। নামমাত্র টাকা পরিশোধ করা হচ্ছে, যা দিয়ে ঈদ উপলক্ষে বাড়ি যাওয়া ও পরিবারের খরচ চালানো কঠিন হয়ে পড়েছে। এ কারণে তাঁরা আন্দোলনে নেমেছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।