বাড়িভর্তি লোকজন। ঘরের ভেতর থেকে স্বজনদের চিৎকার ও কান্নাকাটির শব্দ ভেসে আসছে। বৃদ্ধ ওয়াহেদ মোল্লা জানেন না তাঁর দুই ছেলে ও পুত্রবধূদের সঙ্গে কী হয়েছে, তবে তিনি জেনেছেন তাঁরা কেউ বেঁচে নেই। তাই তিনি বুক চাপড়ে কান্নাকাটি করছেন। আজ রোববার দুপুরে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বালিয়া এলাকার মো. ওয়াহেদ মোল্লার (৯২) বাড়ি গিয়ে এমন দৃশ্য দেখা গেল। সড়ক দুর্ঘটনায় দুই ছেলে ও দুই পুত্রবধূকে হারিয়ে বিলাপ যেন থামছে না শয্যাশায়ী ওয়াহেদের। তিনি বারবার আহাজারি করে বলছেন, ‘আমার বাপে গো লগে এইয়া কী হইলো রে। আল্লাহ রে তুমি এইডা কী করলা রে!’
আজ সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের নগরকান্দা সদর উপজেলার শংকরপাশা এলাকায় যাত্রীবাহী বিআরটিসি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হন। নিহত সবার বাড়ি মাদারীপুরে। তাঁদের মধ্যে চারজন হলেন ওয়াহেদ মোল্লার দুই ছেলে জাহাঙ্গীর মোল্লা (৬৫) ও আলমগীর মোল্লা (৬০), জাহাঙ্গীরের স্ত্রী মাজেদা আক্তার ওরফে বেলি (৫৫) ও আলমগীরের স্ত্রী খুশিদা বেগম (৫০)।































































































































































































































