সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যানবাহনের কারণে ফেরিঘাটে বাসডুবির ঘটনা ঘটেছে। বাসডুবির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদেন উঠে এসেছে, গাড়িটি ঘাটে ঠিকই দাঁড়িয়ে ছিল। গাড়িটি চলার কোনো কারণ ছিল না। কারণ, ফেরি প্রস্তুত না। ফেরি ল্যান্ড করার আগেই গাড়ি চলতে শুরু করল। গাড়ি যখন কোনো কারণ ছাড়াই চলতে শুরু করল, তখন চালক নিয়ন্ত্রণ করতে পারলেন না। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সড়কে চলাচলের ক্ষেত্রে জনগণের অসচেতনতা এবং একই সড়কে ছোট-বড় বিভিন্ন ধরনের যান চলাচলের পাশাপাশি আন্তজেলার এসি, নন–এসি বাস চলাচল দুর্ঘটনার অন্যতম কারণ।
সড়ক দুর্ঘটনা রোধে বিশ্বব্যাংকের আর্থিক সহযোগিতায় সরকার ২ হাজার ৮০০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে। এ প্রকল্পের আওতায় ৬০ জন গাড়িচালককে প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে। চালকদের প্রশিক্ষণ, চোখ পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা, মাদকাসক্ত কি না, তা পরীক্ষা করাসহ বিভিন্ন কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।































































































































































































































