সুনামগঞ্জে ভারী বৃষ্টির আশঙ্কা, হাওরের ধান কাটার চেষ্টা

সুনামগঞ্জে ভারী বৃষ্টির আশঙ্কা, হাওরের ধান কাটার চেষ্টা

সুনামগঞ্জে আজ সোমবার সকাল থেকে বজ্রসহ ভারী বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বাড়ছে। বন্যার আশঙ্কায় কৃষকেরা হাওরে যে যেভাবে পারছেন ধান কাটছেন। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আজ দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জরুরি সভা করেছে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘হাওরের ধান কাটার বিষয় নিয়েই আমরা বেশি চিন্তিত। আমরা এটিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আমি নিজে হাওরে ঘুরেছি। কোনো কোনো হাওরে ৫০ থেকে ৬০ শতাংশ ধান কাটা হয়ে গেছে। আমরা ব্যাপকভাবে প্রচারণা চালাচ্ছি, যাতে দ্রুত হাওরের ধান কাটা শেষ করা যায়। এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় আমাদের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে।’

সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে আজ দুপুরে প্রথম আলোকে বলেন, আজ ভারী বৃষ্টি হবে। আগামীকাল মঙ্গলবার থেকে টানা তিন দিন সুনামগঞ্জ ও জেলার উজানে ভারতের চেরাপুঞ্জিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। এতে পানি আরও বাড়বে। এমনিতেই টানা বৃষ্টিতে হাওরের ফসল রক্ষা বাঁধের মাটি দুর্বল হয়ে আছে। উজানের ঢল নামলে সেই ঢলের চাপ অনেক বাঁধ এখন আর সামলাতে পারবে না।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।