ব্রাহ্মণবাড়িয়ায় সুরসম্রাট আলাউদ্দিন খাঁর বাড়িতে প্রতিষ্ঠিত 'সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন'–এর ভূমি দখলের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধনসহ বিক্ষোভ সমাবেশ হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিক্ষুব্ধ সংস্কৃতিকর্মী মঞ্চের ব্যানারে সংগীতাঙ্গনের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচি থেকে ওস্তাদ আলাউদ্দিন খাঁ কালচারাল কমপ্লেক্স প্রকল্পের চলমান প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।
বিক্ষোভ সমাবেশের পর একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
খোঁজ নিয়ে জানা যায়, জেলা শহরের হালদারপাড়ার খুরশেদ মিয়া খাঁ এবং আলাউদ্দিন খাঁর বড় মেয়ে সরিজা বেগমের ছেলে মিজানুর রহমান, মুজিবুর রহমান, হাবিবুর রহমান ও সেলিম মিয়া একটি দানপত্র দলিলমূলে ২০২০ সালের ১০ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতে বিএস খতিয়ান সংশোধনের একটি মামলা করেন।































































































































































































































