প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১০: ৫৪ সারা দেশে গত কয়েক দিনে ধরে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এরই মধ্যে তাপমাত্রা নিয়ে ঢাকাবাসীকে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নতুন পূর্বাভাস অনুযায়ী, তাপমাত্রা আরো বাড়ার ইঙ্গিত রয়েছে। শুক্রবার সকালে দেওয়া আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই দাবদাহ থেকে সহসা মুক্তি মিলছে না। বরং আগামী কয়েক ঘণ্টায় তাপমাত্রা আরো চড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
পূর্বাভাসে বলা হয়, শুক্রবার ভোর ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতার পরিমাণ ৮৫ শতাংশ হওয়ার কারণে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। ফলে অস্বস্তি কয়েক গুণ বেড়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিসের দাবি, শুক্রবার এই তাপমাত্রা আরো ঊর্ধ্বমুখী হতে পারে। ঢাকা ও আশপাশের এলাকার জন্য পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, দিনের প্রথমার্ধে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। বৃষ্টির কোনো সুখবর নেই বললেই চলে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে ঠিকই, কিন্তু তাতে রোদের তেজ কমার সম্ভাবনা খুব কম।































































































































































































































