দেশের ১৩ জেলায় তাপপ্রবাহ বইছে

দেশের ১৩ জেলায় তাপপ্রবাহ বইছে

বৃষ্টি কমে দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে তাপপ্রবাহ। আজ শুক্রবার দেশের ১৩ জেলায় তাপপ্রবাহ বইছে। আবহাওয়া অধিদপ্তর সূত্র বলছে, আগামী দু-এক দিন এই তাপপ্রবাহ থাকতে পারে। তবে এ সময় দেশের কিছু স্থানে বৃষ্টিও থাকতে পারে। আজ খুলনা বিভাগের সব জেলা এবং মাদারীপুর, ফরিদপুর ও নেওয়াখালী জেলায় তাপপ্রবাহ বইছে। খুলনা বিভাগের জেলার সংখ্যা ১০। এর সঙ্গে বাকি তিনটি মিলিয়ে মোট ১৩ জেলায় তাপপ্রবাহ বইছে আজ। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

বৃষ্টি দিয়েই শুরু হয়েছে চলতি মাস। গত দুই সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। আর তাতে মে মাসের তীব্র গরম ততটা অনুভূত হয়নি; বরং দেশের দ্বিতীয় উষ্ণ মাসে রাতের বেলা খেয়াঘাটেও গায়ে চাদর জড়িয়ে ঘুমাতে হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেছেন, যে তাপপ্রবাহ শুরু হলো, তা আগামী মঙ্গলবার পর্যন্ত থাকতে পারে দেশের বিভিন্ন স্থানে। তবে এ সময় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা কম। এর কারণ বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টি হচ্ছে। এর প্রভাবে তাপ নিয়ন্ত্রণে থাকতে পারে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।