লোকসান দিলেও টেলিকম বাজারে ভারসাম্য রক্ষায় রাষ্ট্রমালিকানাধীন টেলিটকের গুরুত্ব দেখালেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, টেলিটক থাকায় বেসরকারি অপারেটরগুলো ইচ্ছামতো দাম বাড়াতে পারে না। প্রয়োজনীয় বিনিয়োগ পেলে টেলিটককে গ্রামীণফোন ও রবির মতো শক্তিশালী প্রতিযোগী হিসেবে গড়ে তোলা হবে।
টেলিকম খাতে উচ্চ করহার, ভ্যাট ও বিনিয়োগ পরিবেশ নিয়ে কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ বলেন, ‘আমরা হয়তো সব সমস্যা এই বাজেটে সমাধান করতে পারব না। তবে ধারাবাহিকভাবে সমাধানের জন্য আমরা দৃশ্যমান অগ্রগতি আনতে পারব। আমাদের মূল লক্ষ্য গ্রাহক কতটা লাভবান হচ্ছে তা দেখা।’
আগামী পাঁচ বছরে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) আইসিটি ও টেলিকম খাতের অবদান বর্তমান ৬ থেকে ১৫ শতাংশে উন্নীত করা সম্ভব বলে মনে করেন তিনি। এই খাতে পাঁচ বছরের জন্য শুল্ক ও করনীতিতে পূর্বানুমানযোগ্য রোডম্যাপ দেওয়ার পরিকল্পনার কথাও তিনি জানান।































































































































































































































