ঠাকুরগাঁওতে মোটরসাইকেল দুর্ঘটনা, দুই যুবক নিহত

ঠাকুরগাঁওতে মোটরসাইকেল দুর্ঘটনা, দুই যুবক নিহত

ঠাকুরগাঁওতে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনাটি আজ সকালে মুন্সিরহাট এলাকার একটি মোড়ে ঘটে। নিহত দুজন হলেন সদর উপজেলার মথুরাপুর গ্রামের ঋষিকেশ রায়ের ছেলে ঋত্বিক রায় (২৫) এবং একই গ্রামের আবদুল মান্নানের ছেলে মো. আশিক (২৫)। তাঁরা দুজন বন্ধু ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল ছয়টার দিকে ঋত্বিক ও আশিক একটি মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও রোড থেকে শহরের দিকে যাচ্ছিলেন। পথে মুন্সিরহাট এলাকার একটি মোড় ঘোরার সময় চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলটি সড়ক বিভাজকে ধাক্কা খায়। ঘটনাস্থলেই ঋত্বিক মারা যান। স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় আশিককে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে তাঁর মৃত্যু হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।