ঠাকুরগাঁওতে দুই দফা ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে ভুট্টাখেত লন্ডভন্ড হয়ে গেছে, খেতের ফসল মাটিতে লুটিয়ে পড়েছে। আম ও লিচুর গুটি ঝরে পড়ায় চাষিরা দুশ্চিন্তায় পড়েছেন।
ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর এলাকার কৃষক মনসুর আলী বলেন, ‘শিলাবৃষ্টি আর ঝড়ে আমার খেতের ভুট্টাগাছ মাটির সঙ্গে মিশে গেছে। এগুলো থেকে ফলন পাওয়ার কোনো ভরসা দেখি না। এবার আমার পুঁজিটাই শেষ হয়ে গেল।’
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মাজেদুল ইসলাম বলেন, জেলার বিভিন্ন উপজেলায় দুই দফা ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। এতে বিশেষ করে মরিচ ও ভুট্টার ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।































































































































































































































