ঢাকার রামপুরা টিভি সেন্টারের সামনে টিসিবির পণ্য কিনতে ক্রেতাদের লাইন ছিল দীর্ঘ। হাতে ব্যাগ নিয়ে অন্যদের সঙ্গে সেখানে দাঁড়িয়ে ছিলেন সত্তোর্ধ্ব রাবেয়া খাতুন। বয়সের ভারে হাঁটাচলা কষ্টকর হলেও সংসারের খরচ বাঁচাতে তাঁকে নিয়মিতই আসতে হয় এই লাইনে।
তবে আজ শনিবারের অপেক্ষাটা ছিল আরও দীর্ঘ। ট্রাক আসতে দেরি, তারপর পণ্য বিতরণ ঘিরে বিশৃঙ্খলা—সব মিলিয়ে প্রায় পাঁচ ঘণ্টা পর হাতে পান তেল, ডাল আর চিনি।
প্রায় সোয়া দুই ঘণ্টা অপেক্ষার পর বেলা পৌনে ১১টার দিকে টিসিবির ট্রাক আসে। সোয়া ১১টার দিকে পণ্য বিতরণ শুরু হতেই নারীদের লাইনে শুরু হয় ধাক্কাধাক্কি। একপর্যায়ে লাইন ভেঙে যায়।































































































































































































































