ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মেইল ট্রেন 'কর্ণফুলী' আজ বুধবার ভৈরব স্টেশনে যাত্রাবিরতি দেয় দুপুর ১২টায়। এ সময় স্কুলের পোশাক পরা কয়েক শিক্ষার্থীকে ছাদ থেকে নামতে দেখতে পায় রেলওয়ে পুলিশ। আটক করে তাদের নেওয়া হয় প্ল্যাটফর্মের পুলিশ তথ্যকেন্দ্রে।
আটক শিক্ষার্থীরা জানায়, তারা নরসিংদীর রায়পুরা উপজেলার একটি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। মূলত মেঘনা নদীর ওপর নির্মিত তিন সেতুর ভৈরব প্রান্তে ভ্রমণের ভাবনা থেকে ক্লাস ফাঁকি দিয়ে ভৈরব এসেছে।
রেলওয়ে পুলিশ জানায়, ঢাকা ও নরসিংদী থেকে স্কুলড্রেস পরে শিক্ষার্থীরা ট্রেনে চড়ে ভৈরব ঘুরতে আসে। অনেকে ছাদে ভ্রমণ করে। বিষয়টি অনেকের নজরে পড়েছে। এ নিয়ে নানা আলোচনা হচ্ছে। বিচ্ছিন্নভাবে সতর্ক করলেও এ কাজ বন্ধ হচ্ছে না। আজ একসঙ্গে ৯ জনকে ছাদ থেকে নামতে দেখে পুলিশ আটক করে।































































































































































































































