পাবনার চাটমোহর স্টেশনে ট্রেন থামার পর বেঘোরে মার খেল এক কিশোর। হামলাকারীরা পরে বুঝতে পারে যে তাদের ভুল হয়েছে। যাঁকে টার্গেট করেছিল, তিনি ওই কিশোরের সঙ্গে আসন বদল করেছেন। তারা আসন নম্বর ধরে হামলা করতে উঠেছিল। এরপর তাদের হামলার শিকার হন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক প্রকৌশলী।
কোনো অভিযোগ না করে পরের স্টেশনে নেমে যায় আহত কিশোর। আর প্রকৌশলীও কোথাও অভিযোগ করতে যাননি। উল্টো যারা হামলা করেছে, তাদের পক্ষ থেকেই রেলওয়ে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে।
গতকাল সোমবার রাত আটটার দিকে পাবনার চাটমোহর স্টেশনে ঢাকা-রাজশাহী-ঢাকা রুটের সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ভেতর এ ঘটনা ঘটেছে। আহত প্রকৌশলীর নাম মামুনুর রশীদ। তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একজন প্রকৌশলী। ওই ট্রেনে ঢাকা থেকে রাজশাহী আসছিলেন তিনি। তাঁর সঙ্গে মারধরের শিকার কিশোরের নাম-পরিচয় জানা যায়নি।































































































































































































































