রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদের ছুটিতে ট্রেনে বাড়ি ফেরার জন্য মানুষের প্রচুর চাহিদা থাকে। বিশেষ করে ঢাকার বাইরে যাঁরা যেতে চান, সেখানে ট্রেন জার্নিটা ঈদযাত্রায় যাত্রীদের কাছে একটা আলাদা প্রাধান্য পায়। এই চাহিদার কারণে বেশ কিছু সীমাবদ্ধতাও তৈরি হয়ে যায়। কারণ, যাত্রীর চাহিদা প্রচুর; কিন্তু যাত্রীদের যাতায়াত নিশ্চিত করার জন্য আমাদের যে ট্রেনের সংখ্যা সেটা পর্যাপ্ত নয়।
আন্তনগর ট্রেনে প্রতিদিন ২৩ হাজার যাত্রী যেতে পারে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ঈদ উপলক্ষে এটি আরও ২৫ শতাংশ বাড়িয়ে চার হাজারের মতো অতিরিক্ত যাত্রী যাওয়ার সুযোগ করে দেওয়া যায়। কিন্তু লক্ষ লক্ষ যাত্রীর ট্রেনে যাওয়ার ইচ্ছা আছে, তাই সেই ম্যানেজমেন্টটা একটা বড় চ্যালেঞ্জ।
কয়েকটি ট্রেন পরিদর্শন করে এসেছেন জানিয়ে রেলমন্ত্রী রবিউল আলম বলেন, ট্রেনের পরিবেশ ও যাত্রীদের সন্তুষ্টি বেশ ভালো মনে হয়েছে। ট্রেনের পরিচ্ছন্নতা বজায় আছে এবং সিটিং ক্যাপাসিটি অনুসারেই যাত্রীরা যাচ্ছে, যদিও যাত্রীদের কথা বিবেচনা করে আমরা ক্যাপাসিটির বাইরেও ২৫ শতাংশ অতিরিক্ত টিকিট দিয়েছি।































































































































































































































