টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ৯ জন আহত হওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার সোমবার শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, ভোর ৪টার দিকে টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্ব সংযোগ সড়কের সরাতৈল এলাকায় রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত এবং আরও ৯ জন গুরুতরভাবে আহত হওয়ায় আমরা গভীরভাবে শোকাহত। এই ভয়াবহ দুর্ঘটনায় নিহতদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
দেশে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় প্রাণহানি উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের দুর্ঘটনা রোধে সকল পরিবহন মালিক, চালক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে ওভারলোড এড়িয়ে চলা, ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলা এবং গাড়ির চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স নিশ্চিত করা অত্যন্ত জরুরি।































































































































































































































