ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা সাজেকে

ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা সাজেকে

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (প্রসীত) এক সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ শনিবার ভোরে সাজেকের ৪ নম্বর ওয়ার্ডের শুকনোছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম হেগেরা চাকমা (৫০)। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হেগেরা চাকমা সাজেক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রেতকাবা এলাকার বাসিন্দা। তবে তিনি শুকনোছড়া এলাকায় বসবাস করে আসছিলেন। সেখানে আঞ্চলিক দল ইউপিডিএফের (প্রসীত) রাজনীতিতে সক্রিয় ছিলেন।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, সকাল পৌনে ছয়টার দিকে সাংগঠনিক কাজের উদ্দেশ্যে বের হন হেগেরা চাকমা। পথে ওত পেতে থাকা ১০-১২ জনের সশস্ত্র একটি দল তাঁকে এলোপাতাড়ি গুলি করে। এ সময় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সাজেক ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য দয়াধন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, শুকনোছড়া এলাকায় হেগেরা চাকমা নামের এক ইউপিডিএফ সদস্যকে হত্যা করা হয়েছে। কে বা কারা তাঁকে হত্যা করেছে, তা জানা যায়নি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।