উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির প্রভাবে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। মৌলভীবাজারের জুড়ি নদীর পানি বিপৎসীমার ৯৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও মনু, ধলাই, কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালিদ বিন অলিদ জানান, উজানে বৃষ্টিপাতের কারণে নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে। সন্ধ্যা ৬ টার হিসেব অনুযায়ী মনু নদীর পানি রেলওয়ে ব্রিজ এলাকায় বিপৎসীমার ১৫০ সেন্টিমিটার নীচ দিয়ে ও চাঁদনীঘাট এলাকায় ৬৫ সেন্টিমিটার নীচ দিয়ে, ধলাই নদীর পানি বিপৎসীমার ৭৭ সেন্টিমিটার নীচ দিয়ে ও শেরপুরে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ৩০৮ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকায় ও উজানে ভারি থেকে অতি-ভারি বৃষ্টিপাত হয়েছে।































































































































































































































