উত্তরাঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

উত্তরাঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১২: ৩১ দেশজুড়ে চলমান মৃদু তাপপ্রবাহের মধ্যেই উত্তরাঞ্চলের কিছু এলাকায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই বৈরী আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে জানানো হয়, রংপুর ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এই পরিস্থিতিতে ওই অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে, শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে আগামী কয়েক দিনে বৃষ্টি এমনকি শিলাবৃষ্টিও হতে পারে।

আজ সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও হতে পারে। তবে অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।