বৈশাখের রুদ্র রূপ দেখাচ্ছে রাজধানী

বৈশাখের রুদ্র রূপ দেখাচ্ছে রাজধানী

রোদ আর মেঘের খেলা—রাজধানীতে তেমনটা চলছিল কয়েক দিন হলো, বিশেষ করে সকালের দিকে। রাতে কিছুটা শীতল হয়ে যাওয়া বায়ু সকালের তাপের সঙ্গে খাপ খাওয়াতে গিয়েই মেঘের মতো সৃষ্টি হয়, আবহাওয়াবিদেরা তা–ই বলেন। সেই মেঘ দেখে কখনো কখনো তাই তাপে পুড়ে যাওয়া নগরবাসী আশায় বুক বেঁধেছিলেন, বৃষ্টি নামবে। তা তো হয়ইনি, বরং মেঘভাঙা রোদ তাপ বাড়িয়েছে বেশি মাত্রায়। এক সপ্তাহের বেশি সময় ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন জনপদ বৈশাখের রোদে পুড়েছে। কবিগুরু যাকে বলেছেন ‘রুদ্র বৈশাখ!’ বৈশাখ সত্যিই তার রুদ্র রূপ দেখাচ্ছে কয়েক দিন ধরে, বিশেষ করে এ নগরীতে, যেখানে থাকেন দুই কোটির মতো মানুষ।

সেই তাপ কমিয়ে আজ রোববার সকাল থেকে একটু একটু করে জমাট হওয়া মেঘ বিকেলের দিকে অন্ধকার করে ফেলে চতুর্দিক। তারপর বিদ্যুতের চমক, মেঘের ভয়ানক গর্জন। আর তাপ কমানো বৃষ্টি।

অবশ্য বেলা দুইটার পর আকাশ অন্ধকার হয়ে এসেছিল। একটু পর অবশ্য কালো মেঘ কাটিয়ে আবার সেই রোদের মুখ নগরবাসীকে বিলক্ষণ পীড়া দিয়েছে। সেই প্রহেলিকা শেষ হয় বিকেলের দিকে। চারটির দিক থেকে আবার মেঘ জমে।বিকেল পাঁচটার দিকে এ আকাশ কালো হয়ে আসে। তারপর সন্ধ্যা সাড়ে ছয়টায় এ প্রতিবেদন যখন লেখা হচ্ছে, তখনো ঝিরিঝিরি বৃষ্টি আর থেমে থেমে মেঘডাকার শব্দ। যদিও তা অনেকটাই কমে এসেছে। সেই সঙ্গে কমেছে রাজধানীর তাপমাত্রা, অনেকটা। একেবারে শীতল করেছে পরিবেশ।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।