উত্তর থেকে দক্ষিণে বয়ে চলেছে ভৈরব নদ। অনেকটা দূর পাড়ি দিয়ে নদটি আচমকা বাঁক নিয়ে পূর্বমুখী হয়েছে। খানিকটা দূর এগিয়ে নদটি আরও কিছুটা বাঁক নিয়ে গেছে উত্তর-পূর্ব দিকে। এই বাঁক নেওয়া জায়গাটার নাম দেওয়াপাড়া। ভৈরবের পাশে সড়কের দুই পাশে অসংখ্য গাছগাছালি। গাছগুলো যেন একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে। কিন্তু সব গাছ ছাড়িয়েছে একটি গাছ। অনেক দূর থেকে চোখে পড়ছে গাছটি।
যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের এই দেওয়াপাড়া গ্রামে ভৈরবের তীরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একটি আমগাছ। ভৈরব নদ থেকে পাকা সর্পিল সড়ক দিয়ে আনুমানিক ২০০ মিটার এগোলেই দেখা মিলবে এ গাছের।
আমগাছটির বয়স নিয়ে এলাকার মানুষের মধ্যে নানা মত। কেউ বলেন, এর বয়স ১০০–এর বেশি। কেউ বলেন ১৫০। আবার অনেকের মতে, গাছটির বয়স ২০০–এর বেশি। তবে গাছটির বয়স নিয়ে যতই মতভিন্নতা থাকুক, গাছটি শতবর্ষী—এ নিয়ে তাঁদের কোনো মতপার্থক্য নেই। গাছটির পরিচয় তাই শতবর্ষী আমগাছ।































































































































































































































