যশোরের শার্শা সীমান্তে গ্রামের এক বাড়ির গোয়ালঘরের মেঝে খুঁড়ে ৩৫ দিন ধরে নিখোঁজ এক তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত আটটার দিকে উপজেলার বসতপুর পূর্বপাড়া গ্রামে পুলিশের অভিযানে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় চারজনকে আটকের পর হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
নিহত তরুণের নাম ইকরামুল কবির (২৫)। তিনি শার্শা উপজেলার দক্ষিণ বারোপোতা গ্রামের আবদুল রশিদের ছেলে। পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যার পর লাশ গোপন করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
গ্রেপ্তার চারজন হলেন নিহত ইকরামুলের স্ত্রী মুন্নী বেগম (২২) ও মুন্নীর আরেক স্বামী মো. ফরহাদ, মুন্নীর বাবা ফজলু মোড়ল ও সহযোগী কাকলী খাতুন।































































































































































































































